প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ১৮:৩০ (শুক্রবার)
মালয়েশিয়ায় ওয়েবসাইট অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি কিশোর আল মুকতাদির

ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সেই ওয়েব ডেভেলপমেন্টে অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখেছে বাংলাদেশি শিক্ষার্থী আল মুকতাদির তালুকদার দুরন্ত। মালয়েশিয়ায় বসবাসরত সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর তৈরি একটি ই-কমার্স ওয়েবসাইট অর্জন করেছে ‘মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ‘ওয়েব এক্সিলেন্স সম্মাননা’। আন্তর্জাতিক পরিসরের এ স্বীকৃতি প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনে তরুণ বাংলাদেশিদের সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে।

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সাবাইটস গ্রুপ অব কোম্পানিজ আয়োজিত মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডসের মাধ্যমে প্রতিবছর ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার ও ওয়েব এজেন্সিগুলোর সৃজনশীলতা, দক্ষতা এবং উদ্ভাবনী কাজের স্বীকৃতি দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুয়ালালামপুরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এক্সাবাইটস মালয়েশিয়ার প্রেসিডেন্ট মিশেল ইয়াপ। এবারের আয়োজনে ৩২৭টি মনোনয়নের মধ্য থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০টি ওয়েবসাইট পুরস্কার পেয়েছে। ওয়েবসাইটগুলোর নকশা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ব্যবহারকারীদের প্রবেশগম্যতা এবং কার্যক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়।

মাত্র ১৪ বছর বয়সে এমন একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বীকৃতি অর্জন আল মুকতাদিরের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। সে প্রযুক্তি সেবাপ্রতিষ্ঠান প্রকৃতি ইনকের বিভিন্ন ওয়েব প্রকল্পেও কাজ করছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট ও অনলাইন ব্যবসার মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে তার সম্পৃক্ততা তরুণদের দক্ষতা বিকাশের সম্ভাবনাকে তুলে ধরেছে। বিশেষ করে ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান বিস্তারের সময়ে অল্প বয়স থেকেই প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও বাস্তব প্রকল্পে কাজ করার গুরুত্ব আরও স্পষ্ট হচ্ছে।

আল মুকতাদিরের এই অর্জন প্রযুক্তিতে আগ্রহী বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। তার সাফল্য দেখিয়েছে, আগ্রহ, সৃজনশীলতা ও কাজের সুযোগ পেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অল্প বয়সেই ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পাওয়া সম্ভব।