ছবি: সংগৃহীত
আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
সম্প্রতি বিআরটিএর সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় সিলেটসহ দেশের সব মোটরসাইকেল মালিককে নির্ধারিত সময়ের মধ্যে সামনের অংশে নম্বরপ্লেট সংযোজন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে। এ বিধান কার্যকর করতেই সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রঙের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বিআরটিএ। প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। সাদা বা প্রাকৃতিক ধাতব রঙের পটভূমিতে কালো রঙে স্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।
বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপি থাকতে হবে, যাতে সহজেই যানবাহনটি শনাক্ত করা যায়।
বিআরটিএর মতে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যানবাহন শনাক্তকরণে নজরদারি জোরদার করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজনের দায়িত্ব মোটরসাইকেল মালিকদেরই পালন করতে হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। ফলে সিলেটের মোটরসাইকেল মালিকদেরও নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সময়সীমার মধ্যে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে হবে।