ছবি: প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম তদারকির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তা পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এ কার্যক্রম তদারক করতে তিনি সচিবালয়ে রাত জেগে নিজে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। শুক্রবারের প্রাথমিক পরীক্ষা শেষে শনিবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে।
পরবর্তী সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ কার্যক্রম সফলভাবে শেষ করার আশাও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার পর নতুন করে এ পরীক্ষা আয়োজন করা হয়েছে। এবার নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।