প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৭ (শুক্রবার)
খালিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁ/সির দাবি

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুরউপজেলার সীমান্তবর্তী উত্তর কালনীরচর গ্রামের মো. খালিদ মিয়াকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় কালনীচর বাজারে সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত খালিদ মিয়া আশারকান্দি ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ শুকুর জামালের বড় ভাই।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আসামিরা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের জানমালের ঝুঁকি তৈরি হয়েছে।
নিহতের পরিবারের দাবি, উত্তর কালনীরচর গ্রামের এসএ খতিয়ান নং-৬০৩ ও এসএ দাগ নং-২০৭-এর ৩৬ শতক মৌরসি জমিতে তারা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের অভিযোগ, ওই জমি নিয়ে প্রতিপক্ষ জুনাইদ মিয়া ও তার সহযোগীদের পূর্বসূরিরা ১৯৫৮ সালে তাদের দাদা লন্ডনপ্রবাসী আজর উল্লার স্বাক্ষর জাল করে একটি ভুয়া দলিল তৈরি করেন।
পরিবারের সদস্যরা জানান, পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে হাল জরিপে তাদের দখলদার হিসেবে তসদিক পর্চা দেওয়া হলেও প্রতিপক্ষ আব্দুল হামিদ গং গোপনে জমিটি নিজেদের নামে বিএস রেকর্ডভুক্ত করে নেয়। এ ঘটনায় জাল দলিল বাতিল ও বিএস রেকর্ড সংশোধনের দাবিতে সিলেটের বালাগঞ্জের সিনিয়র সিভিল জজ আদালতে স্বত্ব মোকদ্দমা (নং-৫২৩/২০২১) দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
মানববন্ধনে পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গত কয়েক দিন ধরে জুনাইদ মিয়া, উবাইদ মিয়া, মর্তুজ আলী ও মতছির আলীসহ তাদের সহযোগীরা বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালাচ্ছে। রাতের আঁধারে একাধিকবার হামলা চালিয়ে তাদের প্রাণনাশের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
তাদের দাবি, অভিযুক্তরা এর আগেও একটি হত্যা মামলার আসামি ছিলেন। জামিনে মুক্ত হয়ে তারা আবারও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাচ্ছেন এবং তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
মানববন্ধন থেকে মো. খালিদ মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলাউর রহমান ইয়াওর, যুবদল নেতা সিজিল আহমদ, খছরু মিয়া, নুর মিয়া, ছইল মিয়া, আসাদ মিয়া, আব্দুল কাদির, হোসেন মিয়া, দরছ মিয়া, আব্দুল গফফার, জামাল মিয়া, খলকু মিয়া, এলাইছ মিয়া, মহন মিয়া, শুকুর জামাল, আলী ইকবাল, সজ্জাদ মিয়া, রকিব মিয়া ও সজিব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।