প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ২১:৫৯ (শুক্রবার)

সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও ১০ থেকে ১২ জন সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) তপন দেব ও এসআই (নিরস্ত্র) নাসিম পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন বালাগঞ্জ উপজেলার নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে রিপন মিয়া (৩৮) এবং ওসমানীনগর উপজেলার উত্তর মজলিশপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হাবিব মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর এলাকায় কাঞ্চন পালের বসতবাড়ির পূর্ব পাশে অরুন দেবের সীমানাপ্রাচীরঘেরা একটি ফাঁকা জায়গায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি বোল্ট কাটার, একটি লোহার রড, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি প্যাকিং স্কচ টেপ এবং ৩২ ফুট দৈর্ঘ্যের তিন টুকরা প্লাস্টিকের নাইলনের রশি উদ্ধার করে জব্দ করা হয়। আটক রিপন মিয়ার বিরুদ্ধে পূর্বের ১৫টি মামলা রয়েছে। অন্যদিকে, হাবিব মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় এসআই তপন দেব বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে দাড়ালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।