সিলেট নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইরফান আলী ওই ভবনে নাইট গার্ডের কাজ করতেন। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে থানায় নেওয়া হয়।
আজ শনিবার (১৭ অক্টোবর) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে শ্রমিকেরা জানান- তাঁরা ভবনের নিচে কাজ করছিলেন। পরে ওপরে গিয়ে সিঁড়ির পাশে ইরফান আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় তাঁদের সংশ্লিষ্টতা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।
ইরফান আলীর মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।