প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬ ১৪:২৬ (রবিবার)
হৃদয় হরিজন হত্যা: আসামিদের সর্বোচ্চ শাস্তি ও পরিবারের জন্য আজীবন আয়ের ক্ষতিপূরণ দাবি

ছবি: সংগৃহীত

চার সন্তানকে নিয়ে যে মানুষটি জীবিকা নির্বাহ করতেন, তাঁর মৃত্যুর পর পরিবারটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সিলেটে পরিচ্ছন্নতাকর্মী হৃদয় কুমার হরিজন হত্যার বিচার, জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি এবং নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন হরিজন ঐক্য কল্যাণ পরিষদের নেতাকর্মীরা। তাঁদের দাবি, হৃদয় কুমারের পরিবারকে তাঁর আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

শুক্রবার সিলেটের সিটি পয়েন্টে আয়োজিত এ সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

হরিজন ঐক্য কল্যাণ পরিষদ সিলেট জেলার সভাপতি সুজন বাঁশফোরের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

সমাবেশে বক্তব্য দেন নিহত হৃদয় কুমারের ছোট বোন নূপুর বাঁশফোর, স্ত্রী পিংকি বাঁশফোর, হরিজন ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি জাফরু বাঁশফোর, সাধারণ সম্পাদক রাজু লাল, মহিলাবিষয়ক সম্পাদক সেহেলী রানী বাঁশফোর ও সন্দীপ বাঁশফোর।

এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক রমজান আলী পটু ও কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, হৃদয় কুমার চার সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুর পর পরিবারটির ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু বিচার নিশ্চিত করলেই হবে না, নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এ জন্য হৃদয় কুমারের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বক্তাদের অভিযোগ, গত ১১ অক্টোবর রাতে স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে হৃদয় কুমারকে ডেকে নিয়ে ইমন, আমিনসহ কয়েকজন মারধর করে হত্যা করেন।

তিন আসামি গ্রেপ্তার, প্রধান আসামি পলাতক

এদিকে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন আহমেদ (২৬), রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও পারভেজ (২২)। মামলার প্রধান আসামি মো. আমিন আহমদ (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজনকে মারধর করা হয়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি নিহতের পরিবারের পুনর্বাসন ও আর্থিক নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রতিবাদ সমাবেশের বক্তারা।