সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ২ জনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পৃথক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আয়াত (৩ মাস)। সে গোয়াইনঘাট থানার পশ্চিম মাখেরপাড়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। নিহত অপর ২ জনের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
জানা গেছে, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।
জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে সেখান থেকে আয়াসসহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়াতকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, দুটি দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন। আহত মারজানা আক্তার (৩৫) পায়ে গুরুতর আঘাত পেয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট কাটাগাং এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় তামাবিল হাইওয়ে পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশ তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বে থাকা এসআই আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, সিলেট কোতয়ালী থানার পল্লবী রোড এলাকার আলী আহমদের ছেলে কাওসার (৪৮), তার মেয়ে আতিশা (১০) এবং ছেলে আলিফ (১৬)।