প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬ ২১:৪৩ (রবিবার)
সিলেটে নকল সিগারেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে নামী ব্র্যান্ডের মোড়কের আড়ালে নকল সিগারেটের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত সাত দিনে নগরীর হকার্স মার্কেট, শাহপরাণ (রহ.) ও বন্দরবাজার এলাকার বিভিন্ন পাইকারি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। পরে জব্দ করা সিগারেটগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নকল সিগারেটের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নতুন আইন ও বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি হলে ধাপে ধাপে জরিমানা বাড়ানোর বিধানও রয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নকল সিগারেটের অবৈধ বাণিজ্যের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি কম দামে এসব সিগারেট সহজলভ্য হলে তরুণদের ধূমপানে আসক্ত হওয়ার আশঙ্কা বাড়ে। নিম্নমানের ও অননুমোদিত উপাদান ব্যবহৃত হলে তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল ও ভেজাল সিগারেটের অবৈধ বাণিজ্য বন্ধে নগরীর বিভিন্ন বিপণনকেন্দ্রে বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি তামাকজাত পণ্যের বিক্রয়সংক্রান্ত বিধিনিষেধ বাস্তবায়নেও নজরদারি জোরদার করা হবে।