প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ১৪:৪৯ (রবিবার)
ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইনের বাস ও ট্রাকের সংঘ/র্ষে ৯ জন আহ/ত

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। পরে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকার আনার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।