প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ১৮:০২ (রবিবার)
মাঝ আকাশে দরজা খুলে গেল কলকাতাগামি এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজটিতে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।

এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড (এসকেবি ইনফ্রাকন পিভিটি লিমিটেড)। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ এতে মোট সাতজন ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা খুলে যাওয়ার পর সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ নারীকে দ্রুত নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।