প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬ ১৯:১৫ (রবিবার)
সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ায় নাশকতার শঙ্কা, থানায় জিডি

ছবি: সংগৃহীত

সিলেটে চলন্ত অবস্থায় নিজের প্রাইভেট কারের চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি মো. আফজালুর রহমান চৌধুরী। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

গেলো শুক্রবার (১৬ অক্টোবর) রাতে করা জিডিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

জিডির আবেদনে আফজালুর রহমান চৌধুরী উল্লেখ করেন, গত ১৫ অক্টোবর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় চাচাতো ভাইয়ের জানাজার নামাজে অংশ নিতে গিয়ে তিনি নিজের প্রাইভেট কারটি পার্ক করে রাখেন। জানাজা শেষে বাড়িতে ফিরে আবার ধোপাগুল যাওয়ার পথে গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

পরে গাড়িটি পরীক্ষা করে সামনের অপর চাকাটির নাটও খোলা অবস্থায় দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

আফজালুর রহমান চৌধুরীর আশঙ্কা, পেশাগত দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশের কারণে কেউ ক্ষতিসাধনের উদ্দেশ্যে গাড়ির চাকার নাট ঢিলে করে রাখতে পারে। এ ঘটনাকে সম্ভাব্য নাশকতা হিসেবে সন্দেহ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করেন ওই সাংবাদিক। জিডি নম্বর ৮০৮/১৬-১০-২০২৬।

তবে গাড়ির চাকা খুলে যাওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।