ছবি: সংগৃহীত
পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। নতুন পদায়নে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে একই পদে বদলি করা হয়েছে। পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকায় বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির গত ৩ সেপ্টেম্বরের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।