প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬ ১১:০৪ (সোমবার)
সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাঅষ্টমী  পূজা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ উপলক্ষে সিলেটে বিভিন্ন মন্দিরে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজার আয়োজন করা হয়েছে সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠে। এখানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। আর বরাবরের মতোই হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনেও কুমারী পূজার আয়োজন রয়েছে আজ।

সোমবার সকাল সাড়ে ১০টায় এ মহাপীঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীকী এই আয়োজনে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে কুমারী কন্যাকে পূজা করা হয়। এ উপলক্ষে ভক্তদের মধ্যে বিশেষ ধর্মীয় আবহ ও উৎসাহ বিরাজ করছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যে দেবী মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। এই বিশ্বাস থেকেই কুমারী কন্যার মধ্যে দেবীর রূপ কল্পনা করে পূজা-অর্চনা করা হয়। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তির আরাধনার পাশাপাশি নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর তাৎপর্যও তুলে ধরা হয়।

মহাঅষ্টমীর সকালে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। দিনজুড়ে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজনও রয়েছে বিভিন্ন মন্দিরে।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবীর চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই পূজা করা হয়।

সিলেটের পাশাপাশি হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনেও কুমারী পূজার আয়োজন করা হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে মহাঅষ্টমী উদ্‌যাপন করছেন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবের এই গুরুত্বপূর্ণ দিনে দেবীর আরাধনার পাশাপাশি কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনই হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।