প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬ ১১:৪১ (বৃহস্পতিবার)
আজ প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

রামকৃষ্ণ মিশনে বিজয়া দশমীতে সিঁদুর খেলা

অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এর আগে গতকাল মঙ্গলবার মহানবমী পূজায় সিলেট নগরীর বিভিন্ন মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি দিয়েছেন এবং দেবীর উদ্দেশে ভোগ নিবেদন করেছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করে বিদায়ের সুর। আজ বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।

আজ বিকেল থেকে নগরীর কিন ব্রিজসংলগ্ন সুরমা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হবে। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ।

হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, মহানবমীতে দেবী দুর্গার পূজা, যজ্ঞ ও আহুতির মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণ কামনা করেন। পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানে শাপলা, শালুক, নীল অপরাজিতাসহ বিভিন্ন ফুল ব্যবহার করা হয়। নবমীর যজ্ঞে বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে আহুতি দেওয়ার রীতিও রয়েছে।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ উৎসবের আয়োজন।

দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ছাড়া বিএনপির নেতারাও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

দেবী দুর্গার আগমনকে ঘিরে গত কয়েক দিন দেশের মন্দিরে মন্দিরে ছিল আনন্দ-উৎসবের পরিবেশ। ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। মন্ত্র উচ্চারণ, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা দেবীর আরাধনা করেন। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা ছিল পূজার অন্যতম প্রার্থনা।

এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযায়ী, সিলেট জেলায় সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে, সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টিসহ মোট ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়।