চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অর্থ-সম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যার টাকা আছে, তাকেই স্কুলের সভাপতি বানানো হবে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নে অর্থের প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক পরামর্শ কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে একটি উদাহরণ তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। সেখানে একজন ব্যক্তি রয়েছেন, যিনি লেখাপড়া জানেন না, কিন্তু তাঁর অনেক টাকা ও জমি রয়েছে। অন্যদিকে, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম হয়েছেন, কিন্তু তাঁর জমি বা টাকা নেই।
এমন পরিস্থিতিতে স্কুলের সভাপতি কে হবেন, সেই প্রশ্ন তুলে নূরুল ইসলাম মনি বলেন, যার টাকা আছে, তাকেই সভাপতি করা হবে। কারণ, স্কুলের জন্য টিন, খুঁটি, বই, ছাদ ও কার্পেটসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিনতে অর্থের প্রয়োজন হবে।
অর্থের গুরুত্ব তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, ‘আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য।’
উল্লেখ্য, নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।