প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬ ১৯:০৯ (শুক্রবার)
১ নভেম্বর শুরু ঢাকা মহানগর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ, খেলবে ১৪ দল

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। রাজধানীর শহীদ নূর হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নেবে ১৪টি দল।

এমন আয়োজনের মধ্য দিয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি পেশাদার ভলিবলে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম বলেন, ভলিবল এমন একটি খেলা, যা খেলোয়াড়দের পাশাপাশি মাঠে বসে সরাসরি খেলা উপভোগ করা দর্শকদেরও আনন্দ দেয়। গ্রামবাংলার জনপ্রিয় এ খেলাকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ‘মফস্বল থেকে অনেক প্রতিভাবান ও উদীয়মান ভলিবল খেলোয়াড় উঠে আসছেন। তাঁদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা চাই, তরুণেরা অবসর সময় অলসভাবে না কাটিয়ে খেলাধুলায় যুক্ত হোক। এর মাধ্যমে একটি সুস্থ ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।’

আবদুল মুমিন সাদ্দাম আরও বলেন, ভলিবলকে জনপ্রিয় করে তুলতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও এগিয়ে আসতে হবে। মাঠে এসে সরাসরি খেলা দেখা এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য তিনি ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্টদের আশা, ১৪টি দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে এবং দেশের ভলিবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।