ছবি: সংগৃহীত
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হলেও সিলেট বিভাগের সড়কগুলোতে থামছে না দুর্ঘটনা ও প্রাণহানি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বিভাগের চার জেলায় ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৬৩০ জন।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও মাসিক প্রতিবেদন থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ জন, মার্চে ৩২ জন, এপ্রিলে ১৫ জন, মে মাসে ৫১ জন, জুনে ২৯ জন, জুলাইয়ে ৩১ জন, আগস্টে ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মে ও আগস্ট মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এ দুই মাসেই মারা গেছেন ৯৮ জন।
সংশ্লিষ্টদের মতে, বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, দূরপাল্লার চালকদের ক্লান্তি ও অসতর্কতা এবং ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এসব ঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দুর্ঘটনা ও প্রাণহানি কমানো কঠিন হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক সভা আয়োজনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
এদিকে, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে নিসচা সিলেট জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।
এতে বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান আব্দুল মুহিত দিদার, নিসচা জেলা শাখার সহসভাপতি আহমদ জাকারিয়া, আব্দুর রহমান ও আব্দুল হাছিব এবং সদস্য শরীফ আহমদ।
এ ছাড়া বক্তব্য দেন নিসচা সিলেট জেলা শাখার সহসাধারণ সম্পাদক আবু জাবের ও রাজিব ঘোষ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, আইনবিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মাজিদুর রহমান, যুববিষয়ক সম্পাদক জাহেদুল আলম রাফি এবং সদস্য সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফুয়াদ বিন রশীদ, আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী ও নূর কালামসহ সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।