প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ১২:২৭ (শুক্রবার)
নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফ, দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও তথ্য-প্রমাণনির্ভর করার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি অভিযোগপত্র প্রস্তুতে কোনো ধরনের ফাঁকফোকর না রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত ১০ অক্টোবর রাতে ব্যবসায়িক কাজে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল বাজারে গিয়েছিলেন বদরুল আলম ও তাঁর সহযোগী সাদেক আহমদ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ফেরার পথে তাঁদের কাছে থাকা ৩০ লাখ টাকা ও ২৯টি গরু ছিনিয়ে নিতে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এতে বদরুল ঘটনাস্থলে নিহত হন এবং সাদেক গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।