প্রথম শ্রেণির সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মাদ্রাসার উপাধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের টঙ্গীর অভিযুক্ত শিক্ষকের নাম মুসলেউদ্দিন। তিনি টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার 'ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা'র উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার (২০ অক্টোবর) ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভেতরে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হেনস্থা ও অশালীন আচরণ করেন উপাধ্যক্ষ মুসলেউদ্দিন। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে মারধরের হুমকি দেন তিনি। এই হুমকির মুখে শিশুটি ভয়ে টানা তিন দিন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে পরিবারের সদস্যরা জানতে চাইলে শিশুটি তার ওপর ঘটা শারীরিক হেনস্থার কথা বাবা-মায়ের কাছে প্রকাশ করে। বিস্তারিত জানার পর বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির বাবা সরাসরি মাদ্রাসায় গিয়ে উপাধ্যক্ষ মুসলেউদ্দিনের কাছে এ বিষয়ে জবাব চান।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে গণধোলাই দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, জিজ্ঞাসাবাদকালে অভিযুক্ত শিক্ষক নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।