প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০ (শনিবার)
যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেলের প্রথম চালান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানির দাম কমানোর উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে হওয়া এক সমঝোতার অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রুশ ডিজেলের প্রথম চালান পাঠানো হয়েছে।

২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই নিষেধাজ্ঞার পর এই প্রথম রাশিয়ার কোনো পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছে।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আজিওই ফানেন্দেস’ নামের একটি ট্যাংকার গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে যাত্রা শুরু করেছে। আগামী ৭ নভেম্বর জাহাজটির যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। তবে চালানটির ক্রেতা ও বিক্রেতার পরিচয় এখনো জানা যায়নি।

চুক্তিটি কার্যকর করতে ট্রাম্প নতুন মার্কিন নিষেধাজ্ঞার কিছু বিধিনিষেধ শিথিল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ইউরোপীয় দেশগুলো নিজেদের জরুরি মজুত থেকে জ্বালানি সরবরাহ না করলে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন তিনি।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, সমঝোতা অনুযায়ী রাশিয়া প্রথম দফায় ৩ লাখ মেট্রিক টন ডিজেল পাঠাবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। ক্রেমলিনও প্রথম জাহাজটির যাত্রা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এতদিন রাশিয়া মূলত তুরস্ক, ব্রাজিল ও আফ্রিকার বিভিন্ন দেশে ডিজেল রপ্তানি করত। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমঝোতার ফলে রাশিয়া ডিজেল রপ্তানির ওপর আরোপিত নিজস্ব নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দুই দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে চুক্তি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ডিজেলের চালান আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।