প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ২০:১৪ (শুক্রবার)
সুনামগঞ্জে আপত্তিতে বন্ধের ঘোষণা, শেষ পর্যন্ত সীমিত পরিসরে বাউলগানের আসর

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে নারী শিল্পীদের গান নিয়ে আপত্তি তুলে বাউলগানের আসর বন্ধের দাবি জানিয়েছিলেন স্থানীয় দুই ব্যক্তি। তাঁদের আবেদনের পর আয়োজন বন্ধের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সীমিত পরিসরে গান হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ আয়োজন করা হয়। ওই গ্রামের পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামেই প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ছোট পরিসরে বাউলগানের আয়োজন করেছিলেন শওকত আলী। এতে স্থানীয় দুই নারী শিল্পীর গান গাওয়ার কথা ছিল। তবে বুধবার স্থানীয় দুই ব্যক্তি নারী শিল্পীদের গান নিয়ে আপত্তি তুলে আয়োজন বন্ধের দাবিতে দিরাই থানায় আবেদন করেন।

পরে থানা-পুলিশ শওকত আলীর সঙ্গে কথা বললে তিনি গান হবে না বলে জানান। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সীমিত পরিসরে গান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে বক্তব্য জানতে শুক্রবার দুপুরে শওকত আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

স্থানীয় বাসিন্দা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছেন, শওকত আলী দেশে এলে তাঁর বাড়িতে গানের আসর বসে। তিনি বলেন, বৃহস্পতিবার দিনের বেলায় শুনেছিলেন, গান হবে না। পরে শুনেছেন, রাতে সেখানে কিছু সময় গান হয়েছে।

গান বন্ধের দাবিতে থানায় আবেদনকারীদের একজন হাতিয়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান। শুক্রবার তিনি বলেন, কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ ছিল না। নারী শিল্পীদের বিষয়টি যেভাবে প্রচার করা হয়েছে, তাঁরা তা চাননি। থানায় আবেদন করার পর আয়োজক ও পুলিশ তাঁদের জানিয়েছিল, গান হবে না।

কামরুল হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে গান শুরু হলে তাঁরা পুলিশকে বিষয়টি জানান। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের কাউকে আসতে দেখেননি। পরে তাঁরাই পুলিশকে আর আসতে হবে না বলে জানান। দিরাই সদর থেকে তাঁদের এলাকায় যেতে অন্তত তিন ঘণ্টা লাগে বলেও উল্লেখ করেন তিনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শুক্রবার বেলা আড়াইটার দিকে বলেন, এলাকাটি দুর্গম। বৃহস্পতিবার আয়োজক শওকত আলীর সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে নানা কথাবার্তা হওয়ায় অনুষ্ঠান হবে না। পরে তিনি শুনেছেন, রাতে সেখানে কিছু সময় গানের আয়োজন হয়েছে। এ বিষয়ে জানতে শওকত আলী ও তাঁর এক আত্মীয়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এর আগে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছিল। গত ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। এ ঘটনা নিয়েও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।