প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ২০:২৬ (শুক্রবার)
সুনামগঞ্জের থানায় ওসি নেই ৩১ দিন, চার মাস ধরে শূন্য তদন্ত ওসির পদ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৩১ দিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। পাশাপাশি চার মাস ধরে শূন্য রয়েছে তদন্ত ওসির পদ। এতে থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, থানা প্রধান না থাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে।

থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বদলি হন। এরপর ৩১ দিন পার হলেও নতুন কাউকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. নুর হোসেন। এ ছাড়া প্রায় চার মাস ধরে থানায় তদন্ত ওসি নেই।

স্থানীয়দের অভিযোগ, ওসি না থাকায় থানার কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও মারামারির মতো ঘটনা ঘটলেও এসব বিষয়ে পুলিশের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের আশঙ্কা, থানা প্রধানের পদ দীর্ঘদিন শূন্য থাকলে অপরাধ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়তে পারে।

তবে থানার ভারপ্রাপ্ত ওসি মো. নুর হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, কবে নাগাদ নতুন ওসি নিয়োগ দেওয়া হবে, তা তাঁর জানা নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধের খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি থানার বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। তাঁর আশা, এ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না।