ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।
পরে খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি গত কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ওসি বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এলাকায় মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন দলকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহ করবে। পরে সেসব তথ্য বিভিন্ন থানায় ও জাতীয় তথ্যভান্ডারে পাঠানো হবে।
তিনি আরও জানান, সিআইডির কাজ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক বিশেষ ইউনিট কাজ করছে।