ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবদল নেতার হলেন- আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকেরা জরুরি পরিষেবার আওতায় তাদের গাড়ি ইজারার আওতামুক্ত বলে জানান। এ সময় যুবক গাড়িটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন।
অভিযোগ রয়েছে, পরে বিপ্লব ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংসদ সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য আব্দুল মান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তার কোনো ভাতিজা নেই। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেছেন।