মুফতি গিয়াস উদ্দিন তাহেরি
গাজীপুরের একটি মাদরাসায় সাত বছর বয়সী শিশুকে চুম্বন দেওয়াকে কেন্দ্র করে শিক্ষককে মারধরের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেছেন, ‘তোমার তো এখন চুম্বন দিতে গেলেও সাবধানে দিতেই হবে, যেহেতু ইতিহাস ভালো না।’
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহেরি বলেন, ‘এখন সব মৌলভীরা বলে, চুম্বন দিছে, বাচ্চা আদর করছে, সুন্নত। হুজুরকে মারছে, বিচার চাইতেছে। দেশে আইন আছে, আইনের বিচার আছে। আইনি পদক্ষেপ না নিয়ে মারল কিসের জন্য? যখন মাদরাসার ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে, তখন তোমাদের প্রতিবাদ কোথায় থাকে?’
ধর্মীয় বক্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তাহেরি। তিনি বলেন, ‘যেই দল ক্ষমতায় আসে, এটার সঙ্গে থাকে অর্ধেক। যেই দল ক্ষমতায় থাকে না, তাদের সঙ্গে থাকে বাকি অর্ধেকের অর্ধেক। আর বাকিটা থাকে বিরোধী দলের সঙ্গে। আরেকটা থাকে তলে তলে বান্ডিল নেওয়ার জন্য।’
গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
শিশুটির পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় শিক্ষক অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহজালাল রুমি নামের এক ব্যক্তি তাঁকে চড় মারেন। পরে উপস্থিত লোকজনও ওই শিক্ষককে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করেছে।