প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ১০:১১ (রবিবার)
বাংলাদেশে আসছে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আসার আশঙ্কা নেই। বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে অতি তীব্র ঘূর্ণিঝড়টি।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপকে ঘিরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশমুখী নয়। পূর্বাভাস অনুযায়ী, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে। রবিবার এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে। সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘অর্ণব’।

এর পর সমুদ্রের উপর আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবারের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় এবং বুধবারের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে বুধবার দুপুর নাগাদ আছড়ে পড়ার আশংকা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার বেগ ক্রমশ বাড়বে। সোমবার সমুদ্রে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার এবং মঙ্গলবার ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বুধবার হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা রয়েছে।