ছবি: সংগৃহীত
ঢাকায় হাসপাতালে জামালগঞ্জের এসি ল্যান্ড, শারীরিক অবস্থা ভালো
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছে তাঁর পরিবার। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আরিফুর রহমানের শ্বশুর মহসিন মিয়া। শনিবার বিকেলে স্বজনেরা তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করেন।
এর আগে, গত শুক্রবার রাতে নিজের দাপ্তরিক ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন আরিফুর রহমান। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে।’ অন্য পোস্টে লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।
পোস্ট দুটি ঘিরে প্রশাসনের মধ্যে আলোচনা তৈরি হয়। পরে পুলিশ ও তাঁর সহকর্মীরা আরিফুর রহমানের বাসায় যান। সেখান থেকে তাঁকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আরিফুর রহমানের খোঁজখবর রাখা হচ্ছে। তাঁর স্বজনদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে রয়েছেন। আপাতত তাঁর চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হয়ে ফিরলে শুক্রবার রাতের ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বলেন, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসি ল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে আরিফুর রহমানের স্ত্রী তাঁকে জানান, ফোন হ্যাক হয়নি; পোস্টগুলো আরিফুর রহমান নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্টগুলো মুছে ফেলেন।
ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার কারণ জানতে চাইলে ইউএনও বলেন, বিষয়টি তাঁর কাছেও স্পষ্ট নয়। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও আরিফুর রহমান তাঁর বাসায় ছিলেন বলে জানান তিনি। আরিফুর রহমান সুস্থ হয়ে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও জানান ইউএনও।