প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ১৪:৩৮ (রবিবার)
ভাড়া নিয়ে বিরোধ: বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃ/ত্যু

খুলনা নগরীতে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মাথায় লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার পর রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরীর বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় বাড়িভাড়া নিয়ে বাড়ির মালিক মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজলিস খান লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক আল মিরাজ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।