ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির বয়স ৯ বছর। এ ঘটনায় আরও একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় শিশুটির মা চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে মো. ইব্রাহিমসহ দুজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিশুটিকে ধর্ষণের কথা উল্লেখ করা হয়েছে।
শিশুটির মা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।