সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২২ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম সাফা (৮ মাস)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সালমান আহমদের মেয়ে। শনিবার (২৪ অক্টোবর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৫২ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৬ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১৫ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজনের রুবেলা শনাক্ত হয়েছে।
এদিকে, চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে।