প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ১৯:১৬ (রবিবার)
সিলেটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ১৩ মেশিন ধ্বংস

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি টাস্কফোর্স অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুভর্তি চারটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার জাফলং ও আশপাশের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানগুলোতে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ, তামাবিল পুলিশ ফাঁড়ি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রথম অভিযানটি জাফলং বাজার থেকে নদীপথে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত জাফলং চা-বাগরসংলগ্ন এলাকা, কান্দুবস্তি ও জুমপাড় এলাকায় পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি চারটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

পরে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দ্বিতীয় অভিযান চালানো হয়। জাফলং বাজার থেকে বাংলাবাজার, মুখতলা, ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়।

অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।