ইউএনও শিল্পী রানী মোদক ও জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’- ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত চিকিৎসা শেষে চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এক কর্মকর্তা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আরিফুর রহমান চট্টগ্রামে তাঁর গ্রামের বাড়িতে যাচ্ছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি কর্মস্থলে ফিরবেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেসবুকে ওই দুটি পোস্ট দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান। পরে তাঁকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে ঢাকায় নেওয়া হয়।
ঘটনাটি ঘিরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসনের দাবি, তাঁদের মধ্যে বিরোধ থাকার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ইউএনওর সঙ্গে এসিল্যান্ডের সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আরিফুর রহমানের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ বোধ করছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর লাশ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কর্মস্থলে ফিরে এলে শুক্রবার রাতের ঘটনার বিস্তারিত জানা যাবে। জেলা প্রশাসন নিয়মিত তাঁর খোঁজখবর রাখছে।
এদিকে ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি জানতে পেরেছিলেন, এসিল্যান্ডের মুঠোফোন হ্যাক হয়েছে। পরে তাঁর স্ত্রীর কাছ থেকে জানতে পারেন, মুঠোফোন হ্যাক হয়নি; পোস্ট দুটি আরিফুর রহমানই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী পোস্টগুলো মুছে দেন।
ইউএনও বলেন, পোস্ট দেওয়ার মাত্র ছয় মিনিট আগেও আরিফুর রহমান তাঁর বাসায় ছিলেন। তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে এলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়। কয়েক মিনিট পর তিনি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আরেকটি পোস্ট দেন। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ইউএনও তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্ট দুটি মুছে ফেলা হয়।
আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন।