প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৩২ (রবিবার)
সিলেট নগরীতে রাস্তার পাশে মিলল আরেক মরদেহ

ছবি: সংগৃহীত

সিলেট নগরী থেকে এক দিনে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে ওই নারীর মরদেহ পাওয়া যায়। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ওই নারীর নাম-ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, একই দিন সকালে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা-পুলিশ। সকাল ১১টার দিকে উদ্ধার করা ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।