প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ১৪:০৬ (সোমবার)
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, যুবলীগ-ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ যুবলীগ ও ছাত্রলীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার বিকেলে সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় অন্তত তিন পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।