প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ১৪:০৭ (সোমবার)
ইরানে আজ হামলা চালাবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে হামলার আশঙ্কা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আজ ইরানে কোনো সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ওয়াশিংটনের হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। মিশিগান সফরে যাওয়ার আগে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ওই দিন ইরানে নতুন করে মার্কিন বিমান হামলা বা সামরিক অভিযান শুরু হতে পারে কি না।

জবাবে প্রথমে রসিকতার ছলে ট্রাম্প বলেন, ‘আমি কি আপনাদের তা বলব?’ পরে তিনি স্পষ্ট করে বলেন, ‘উত্তর হচ্ছে না। আজ কোনো হামলা চালানো হবে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে নৌযানে হামলার ঘটনা এবং ওয়াশিংটনের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এমন পরিস্থিতিতে ট্রাম্পের হামলা না চালানোর ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তাঁর এই বক্তব্যের মাধ্যমে পরবর্তী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান কী হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।