প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ১৫:০৩ (সোমবার)
সড়কে পাথর ফেলে ডাকাতি, অল্পের জন্য রক্ষা পেলেন রফিকুল ইসলাম মাদানী

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে সড়কের ওপর পাথর ফেলে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে পাকুন্ডা এলাকায় ডাকাতদের কবলে পড়েন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে তাঁর গাড়ি থেকে কোনো মালামাল খোয়া যায়নি।

ওয়াজ মাহফিল শেষে কুমিল্লা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার মুখে পড়েন রফিকুল ইসলাম মাদানী। পরিস্থিতি জানিয়ে তিনি তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে সহায়তা চান।

ফেসবুক লাইভে মাদানী জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। তাঁদের হাতে রামদা ছিল বলেও জানান তিনি।

মাদানীর ভাষ্য অনুযায়ী, তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন। এতে তাঁরা ডাকাতদের কবল থেকে রক্ষা পান। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে ডাকাতেরা পালিয়ে যায় বলে তিনি জানান।

ঘটনার পর সোনারগাঁ থানা-পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।