ছবি: ইমজা নিউজ
ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর বাছাই পর্বের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে ঝিনুক ক্রীড়া চক্র, এলিট স্পোর্টিং ক্লাব ও বোহো স্পোর্টস ক্লাব।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি ম্যাচেই জয়ী দলগুলো সরাসরি ৩-০ সেটে প্রতিপক্ষকে পরাজিত করে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাবকে ৩-০ সেটে হারায় ঝিনুক ক্রীড়া চক্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে সেটের স্কোর ছিল ২৫-২২, ২৫-২৩ ও ২৬-২৪।
দ্বিতীয় ম্যাচে মেরিডিয়ান জেনিথ স্পোর্টিং ক্লাবকে ২৫-১৯, ২৫-২৩ ও ২৫-১৭ পয়েন্টে হারিয়ে ৩-০ সেটের জয় তুলে নেয় এলিট স্পোর্টিং ক্লাব।
দিনের তৃতীয় ম্যাচেও জয় পায় এলিট স্পোর্টিং ক্লাব। এম্বিশন স্পোর্টিং ক্লাবকে ২৫-১৭, ২৫-৮ ও ২৫-১৫ পয়েন্টে পরাজিত করে তারা। এতে দিনের দুই ম্যাচেই জয় নিশ্চিত করে দলটি।
চতুর্থ ও শেষ ম্যাচে মেরিডিয়ান জেনিথ স্পোর্টিং ক্লাবকে ২৫-১৯, ২৫-১৮ ও ২৫-২০ পয়েন্টে হারিয়ে ৩-০ সেটে জয় পায় বোহো স্পোর্টস ক্লাব।
এবারের বাছাই পর্বে ঢাকা মহানগরীর সাতটি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বাছাই পর্বের খেলা।
এই পর্বে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে মূল পর্বে অংশগ্রহণের যোগ্য দল নির্ধারণ করা হবে।