ছবি: সংগৃহীত
টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা ও নানা আলোচনা-সমালোচনার মধ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। সোমবার রাতে এক খুদেবার্তায় তিনি নিজেই দেশ ছাড়ার বিষয়টি জানান। তবে বর্তমানে কোন দেশে রয়েছেন, তা উল্লেখ করেননি তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ‘আগামীর সময়’-কে পাঠানো খুদেবার্তায় শাহজালাল রুমি লেখেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’
একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।
ঘটনার সূত্রপাত গাজীপুরের টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ২১ অক্টোবর মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত উপাধ্যক্ষকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পরে এ ঘটনায় মামলা হলে মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শাহজালাল রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।
পাল্টা মামলা দায়েরের পর থেকে শাহজালাল রুমিকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। এরই মধ্যে সোমবার খুদেবার্তায় তিনি দেশ ছেড়েছেন বলে জানান।