চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের ওপর লরি উঠে গেলে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড় করানো ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত পাঁচজনের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।