প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬ ১২:২৪ (মঙ্গলবার)
অর্নব আসছে, কাল থেকে ৫ দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে

ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর প্রভাবে আগামীকাল বুধবার থেকে সিলেটসহ দেশের আট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট বিভাগের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। এদিন রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমতে পারে।

এদিকে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্নব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টায় এটি একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি একই দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।