ছবি: সিসিক
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেছেন, ‘সিলেট একটি শান্তিময় জনপদ। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়। নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের সিভিল প্রশাসক ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জনগণ বিপুল বিশ্বাস ও আস্থা রেখে ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জনগণের এই বিশ্বাসের মর্যাদা আমাদের অবশ্যই রাখতে হবে। মানুষ যাতে ঘরে ও বাইরে নির্ভয়ে চলাফেরা করতে পারেন এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’
অনলাইন জুয়া, মাদক এবং কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি কিশোর ও তরুণরা যাতে মাদক বা অনলাইন জুয়ার মতো অপরাধে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।