ছবি: ইমজা নিউজ
ঢাকা মহানগর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর বাছাইপর্বের তৃতীয় দিনের খেলায় চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এসব খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-০ সেটে এশিয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে নীল সাগর গ্রুপকে হারায়।
তৃতীয় ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-০ সেটে মেরিডিয়ান জেনিথ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
এদিকে দিনের চতুর্থ ম্যাচে ঝিনুক ক্রীড়া চক্র ৩-১ সেটে বোয়াল স্পোর্টস ক্লাবকে হারিয়ে জয় তুলে নেয়।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মুমিন সালমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের বাছাইপর্বে ঢাকা মহানগরীর সাতটি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে। বাছাইপর্বের খেলা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এ পর্বে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে মূল পর্বে অংশগ্রহণের জন্য যোগ্য দল নির্ধারণ করা হবে।