ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারের জল্লারপাড় রোডে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। এতে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, মশা-মাছির উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয়ভাবে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, জল্লারপাড় রোডের পাশের এশিয়া মার্কেট, লন্ডন মেনশন ও মিতালি ম্যানশনের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের টয়লেটের বর্জ্য নালায় ফেলা হচ্ছে। পাশাপাশি প্লাস্টিক, কাগজসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা নিক্ষেপের কারণে নালায় বর্জ্য জমে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে এইচএমসি ইলেকট্রিক্যাল স্টোরসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের কথাও জানা গেছে। অভিযোগ উঠেছে, ময়লা ফেলার ঘটনায় সংশ্লিষ্ট মার্কেটের মালিক ও প্রতিনিধিরা নিজেরাই বর্জ্য ফেলে এইচএম করপোরেশনের মালিক অ্যাডভোকেট মিসবা উল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে সংবাদ প্রচারের মাধ্যমে তাঁকে হয়রানির চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ অবস্থায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সরেজমিন তদন্তের মাধ্যমে নালায় বর্জ্য ফেলার প্রকৃত উৎস শনাক্ত করতে হবে। পাশাপাশি নালা পরিষ্কার, পয়োবর্জ্যের সুষ্ঠু নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ব্যবসায়ীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকার পরিবেশ আরও দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়তে পারে।