প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৫ (বুধবার)
যুক্তরাষ্ট্রে ‘জাল ভোট‌’ দিয়ে ধরা বাংলাদেশী যুবক

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামের এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন দেশটির ফেডারেল কৌঁসুলিরা। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জেলার অ্যাটর্নির কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাচিবুর রহমান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশের নাগরিক। তিনি মার্কিন নাগরিক নন, তা জানা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে অভিযোগ দাখিলের বিষয়টি ঘোষণা করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের ভোটও অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে হাচিবুর রহমানের ভোট দেওয়ার বিষয়টি তদন্তের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

তবে অভিযোগ দাখিলের অর্থ এই নয় যে তিনি অপরাধী প্রমাণিত হয়েছেন। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।

অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে বাস্তবে দেওয়া সাজা অনেক সময় আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল সাজা নির্দেশিকা ও আইনের অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট আদালতের বিচারক তাঁর সাজা নির্ধারণ করবেন।