প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১২:৩০ (বুধবার)
সিলেটে বেড়াতে ২ নারী পর্যটককে নিয়ে গাড়ি চালকের ভয়/ঙ্কর ফাঁদ: অল্পের জন্য রক্ষা

ছবি- এআই

সিলেটে বেড়াতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে মো. রামিম আহমদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট জানায়, গত ৮ অক্টোবর নড়াইলের সদর উপজেলার বাহিরগ্রাম এলাকার বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে সিলেটে আসেন। সেখানে নাছরিন বেগম নামের আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মাজারের সামনের সড়কে জাফলং যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করার সময় রামিম আহমদ তাঁদের ৪০০ টাকা ভাড়ায় মাইক্রোবাসে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলেন। তাঁর কথায় দুই নারী গাড়িতে ওঠেন। পরে রামিম তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। তাঁরা রাজি না হলে তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়া ও অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁরাও দুই নারীকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন প্রলোভন দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি বুঝতে পেরে ভারতে পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম জৈন্তাপুর থানায় মামলা করেন।

এসআরবি জানায়, মামলার পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি রামিম আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রামিম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে। তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।