সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামের আরও এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সংঘর্ষের দিন ঘটনাস্থলেই নিহত হন তাঁর চাচাতো ভাই মতিউর রহমান (৫০)।
নিহত উভয় ব্যক্তিই উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডি হেদায়েতপুর) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ১ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীরের সঙ্গে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছুলফির আঘাতে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান বুকে গুরুতর জখম পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানের পক্ষের মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মুজিবুরের মৃত্যু হয়েছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।