ছবি: সংগৃহিত
ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬-এর বাছাই পর্বের চতুর্থ দিনে জোড়া জয় পেয়েছে ঝিনুক ক্রীড়া চক্র।
বুধবার (২৮ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের খেলায় ঝিনুক ৩-০ সেটে নীল সাগর স্পোর্টিং ক্লাবকে এবং ৩-১ সেটে এলিট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে নীল সাগর স্পোর্টিং ক্লাবকে কোনো সেট জিততে দেয়নি ঝিনুক। তিন সেটের খেলায় তাদের জয়ের স্কোর ছিল ২৫-৯, ২৫-১৩ ও ২৫-১৮।
দ্বিতীয় ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-১ সেটে বোহো স্পোর্টস ক্লাবকে হারায়। প্রথম সেটে ১৯-২৫ পয়েন্টে পিছিয়ে পড়লেও পরের তিন সেটে ২৫-১০, ২৫-১৭ ও ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয় পাইওনিয়ার।
দিনের তৃতীয় ম্যাচে এম্বিশন স্পোর্টিং ক্লাবকে ৩-০ সেটে হারিয়ে জয় পেয়েছে নীল সাগর স্পোর্টিং ক্লাব। সেটগুলোর স্কোর ছিল ২৫-১৪, ২৫-১৫ ও ২৬-২৪।
চতুর্থ ও শেষ ম্যাচে এলিট স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথম সেটে ২৩-২৫ পয়েন্টে হেরে যায় ঝিনুক ক্রীড়া চক্র। তবে পরের তিন সেটে ২৫-২৩, ২৫-১৮ ও ২৫-১১ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের বাছাই পর্বে ঢাকা মহানগরীর সাতটি ক্লাব ও প্রতিষ্ঠানের দল অংশ নিচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে বাছাই পর্বের খেলা। এ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে মূল পর্বে অংশগ্রহণের যোগ্য দল নির্ধারণ করা হবে। মূল পর্ব শুরু হওয়ার কথা ১ নভেম্বর।