প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ২২:৩৭ (বৃহস্পতিবার)
সিলেটে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেল সিলগালা, আটক ৫

ছবি: সংগৃহীত

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি আবাসিক হোটেল সিলগালা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হোটেলটি থেকে তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানার আওতাধীন বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।

এসএমপির মিডিয়া বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।