ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে আলিফ উদ্দিন (দর্জি) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শাহবাজপুর বাজারের সায়পুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত আলিফ উদ্দিন উপজেলার আতুয়া গ্রামের বাসিন্দা। তাঁর দোকানের পাশেই ব্যবসা করতেন সায়পুর গ্রামের ইমাম উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলিফ উদ্দিনের কাছে ইমাম উদ্দিনের ৯০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে ইমাম টাকা চাইলে আলিফ তা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধের পর দোকান থেকে ফেরার পথে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমাম উদ্দিন লোহার রড দিয়ে আলিফ উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলিফ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।